বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে জেলার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ভোর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি থাকে যে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। তীব্র এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিকশাচালক, কৃষিশ্রমিক ও ছিন্নমূল জনগোষ্ঠী। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। শীতের কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় তাদের আয়ের পথও সংকুচিত হয়ে পড়েছে।
জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধরা বেশি ভুগছেন। সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। তবে শীত মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগ এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রিকশাচালক আব্দুল করিম বলেন, ভোরে বের হতে খুব কষ্ট হয়। শীতের জন্য যাত্রীও কম, আয়ও কমে গেছে। শরীর কাঁপে, তবুও পরিবারের জন্য বের হতে হয়।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাসের কারণে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রির সেলসিয়াস ওঠানামা করছে। আবহাওয়া অফিস আরও জানায়, আগামী কয়েকদিন এই শীতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং রাত ও ভোরের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। সচেতন মহল মনে করছেন, এই পরিস্থিতিতে দ্রুত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জরুরি। পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা জোরদার করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
