বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পৌর বাজার এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার (১৪ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূলত কাপড়ের দোকান এবং কসমেটিকসের দোকানগুলো মনিটরিং করা হয়। অভিযান সূত্রে জানা যায়, একদরের দোকান উল্লেখ থাকা সত্ত্বেও কাপড়ের গায়ে মূল্য তালিকা উল্লেখ না করায় পৌর বাজারের থ্রী পিস কর্ণারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিদেশি কসমেটিকস পণ্যের ক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম ও দেশীয় মূল্য উল্লেখ না থাকায় ইমন ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে বিদেশি কসমেটিকসের মোড়কে আমদানিকারকের নাম ও দেশীয় মূল্য উল্লেখ না থাকায় জ্যোতি কসমেটিকসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। তিনি জানান, বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি চৌকস দল এবং র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল উপস্থিত ছিল। ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
