বিশেষ প্রতিনিধি ॥ ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে কুষ্টিয়ায় ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ পালন করা হয়েছে। ডায়াবেটিক সচেতনতা দিবস উপলক্ষে জনসাধারণকে ডায়াবেটিক রোগ সম্পর্কে সজাগ থাকার জন্য কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান কাল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন। আলোচনা সভায় আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মানবাধিকার আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ রানা, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, অত্র প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার ডা. মোহনা আফরোজ। এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হেলাল উদ্দিন, ডা. মেহেদী হাসান রোমেল,
ডা. মোস্তাফিজুর রহমান দিনার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, শরীরের বিভিন্ন রোগ নির্মূলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সচেতনতা বড় সহায়কের ভূমিকা রাখতে পারে। বক্তারা আরো বলেন, ডায়াবেটিস হলে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই শুধু নিয়ম মেনে খাওয়া দাওয়া ও চলাফেরা করলে আজীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বক্তারা ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
