কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি ॥ “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেলের উদ্যোগে রোড শো, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সকালে রোড শো উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। রোড শো শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা ও গোপনীয় শাখা) মোঃ জাকিউল আলম।

 

সভায় বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কাজী রফিকুল রহমান, কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আব্দুর রশিদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল এবং কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস। এ ছাড়া রোভার স্কাউটের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

 

আলোচনা সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি, সড়ক পরিবহন আইন মেনে চলা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে চারজন চালককে শ্রেষ্ঠ চালক হিসেবে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

অনুষ্ঠান শেষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু ও সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মোঃ মিজানুর রহমানের হাতে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেন।

 

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হলো—সড়কের স্পিড ব্রেকারে মার্কিং করা, মজমপুর মোড় থেকে কাঁচাবাজার স্থানান্তর, ফুটপাত দখলমুক্ত করা, হাউজিং এলাকার ড্রেন ও সড়ক সংস্কার, এনএস রোডসহ পৌর এলাকার সব সড়ক সংস্কার, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ এবং সমন্বিত তদারকি নিশ্চিত করা।

 

এ সময় উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা আমজাদ হোসেন বিদ্যুৎ, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, যুববিষয়ক সম্পাদক সানজান ইসলাম প্রেমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর