কুষ্টিয়ায় ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের উদ্যোগে মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ ও ইফতার মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের উদ্যোগে মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ ও ইফতার মাহফিল 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় একটু পাশে দাঁড়াই সংগঠনের উদ্যোগে একটি মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়। মানবতার জয় হোক’ অসহায়ত্ব দুর হোক, প্রতিপাদ্যকে সামনে রেখে এ সংগঠনটির দীর্ঘ পথচলা। ২০১৪ সালে কুষ্টিয়া পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান এর উদ্যোগে সংগঠনটি তাদের যাত্রা শুরু করেন। প্রথমে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করলেও তাদের কর্মকান্ড দেখে নেটিজেনরা সাধুবাদ জানান। প্রতি বছরের ন্যায় এ বছরেও পবিত্র মাহে রমজানে কুষ্টিয়ায় ‘একটু পাশে দাঁড়াই’ স্বোচ্ছাসেবী সংগঠন কর্তৃক একটি মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া কোরআন শরিফ বিতরণ করা হয়। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে লাহিনী এলাকায় মাদ্রাসা-ই দারুল আশফাক আল ইসলামীয়াতে একটু পাশে দাঁড়াই সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে কুষ্টিয়া পৌর যুবদলের আহবায়ক ও একটু পাশে দাঁড়াই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন এর সার্বিক তত্বাবধানে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এতে সন্মানিত অতিথি ছিলেন এ মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুস সামাদ, হরিশংকরপুর মোহাম্মদীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার আবুল কালাম মুহম্মদ সফিউল্লাহ। এতে সার্বিক সঞ্চালনা করেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম।

এছাড়া একটু পাশে দাড়াই’ সংগঠনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, যুগ্ন সম্পাদক পাভেল পারভেজ, কোষাধ্যক্ষ এস আই স্বাধীন, উপদেষ্টা সদস্য জাহিদ,মনিরুল ইসলাম,  তারেক,রাজিব , লিটন, শাহিন, রাজনসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় মোস্তাফিজুর রহমান সুমন বলেন, রমজানের তাৎপর্য তুলে ধরা এবং অসহায় ও কমলমতি এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়। তবে সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো সম্ভব। তিনি আরো বলেন, বিগত কয়েকটি বছর আমরা আমাদের অবস্থান থেকে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ‘একটু পাশে দাঁড়াই’ ভবিষ্যতেও শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র প্রদান ও বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি সকলকে প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করার আহব্বান জানান। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয়রা এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।