কুষ্টিয়ায় আন্দোলনে নিহতদের প্রতিমাসে ১০ হাজার করে টাকা দেয়া হবে - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আন্দোলনে নিহতদের প্রতিমাসে ১০ হাজার করে টাকা দেয়া হবে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ার ১১ জন নিহত হয়েছে। নিহত প্রত্যেকটা পরিবারকে প্রতিমাসে ১০ হাজার করে টাকা প্রদান করা হবে। শহীদদের সন্তানদের লেখাপড়ার দায়িত্বও আমাদের। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিবারের সাথে দেখা করে আর্থিক সহায়তা ও সার্বিক অবস্থার খোঁজ খবর নেয়া হয়েছে। দলের পক্ষ থেকে নিয়মিত তাদের খোঁজখবর নেওয়া হবে এবং সার্বিকভাবে সহযোগিতা করা হবে।

গতকাল রোববার (১১ আগস্ট) দুপুরের দিকে হাটশ হরিপুর গ্রামে নিহত পরিবারের মাঝে অর্থ ও খাদ্য সহায়তা প্রদানের পর গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকার। কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকার আরও বলেন, নিহতদের পরিবার তাদের উপার্জনক্ষম মানুষটাকে হারিয়েছে। আমরা চাই এসব পরিবারও সমাজে মাথা উঁচু করে বাঁচুক।

আমরা সবসময় তাদের পাশে থাকবো এবং সার্বিকভাবে সহযোগিতা করবো। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নিহত আশরাফুল ইসলামের স্ত্রী বলেন, আমার স্বামী আন্দোলনে যাওয়ার সময় বলেছিলেন শহীদ হতে যাচ্ছি। আল্লাহ তার মুখের কথা কবুল করেছেন। সে সবসময় চাইতো তার সন্তানরা মানুষের মতো মানুষ হোক।

এখন আমাকে সেই স্বপ্নপূরণ করতে হবে। বিএনপির নেতারা আমার পাশে দাঁড়ানোর ফলে সাহস পাচ্ছি। তারা আর্থিক ও খাদ্য সহায়তা করেছেন। সার্বিকভাবে আমাদের খোঁজ খবর নিয়েছেন। আমাদের  দায়িত্ব নিয়েছেন। তারা ধারাবাহিকভাবে আমাদের সহযোগিতা করবেন ও প্রতিমাসে ১০ হাজার করে টাকা দেবেন বলে জানিয়েছেন। এতে আমরা অনেক খুশী হয়েছি।

এদিকে গত শনিবার (১০ আগস্ট) বিকালের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন অসুস্থ ছাত্রদের পক্ষে আর্থিক সহায়তা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। তাদের সহযোগিতা পেয়ে খুশী হয়েছেন আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। এসময় তারা তাদের চিকিৎসার দায়িত্ব নেন। তাদের সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করা আশ্বাস দেন। এ সময় কুষ্টিয়া জেলা ছাত্রদল, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, শুরু থেকেই আমরা আহত ছাত্রদের পাশাপাশি আছি। যারাই আন্দোলনে আহত হয়েছে তাদের খোঁজখবর রাখছি। তারই ধারাবাহিকতায় আজকে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকারের দিকনির্দেশনায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে তাদের সহযোগিতা করবো। অর্থের অভাবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা বন্ধ হবে না। তাদের চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালে এসে আর্থিক সহায়তা করেছেন ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। আহতদের চিকিৎসার খরচের দায়িত্ব নিয়েছেন। তারা ধারাবাহিকভাবে আমাদের সহযোগিতা করবেন। এতে আমরা অনেক খুশী হয়েছি।