কুষ্টিয়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করায় জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করায় জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার কাঞ্চনপুর বাজার, বটতৈল ও ভাদালিয়া এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাঁচাবাজার, মুদি দোকান, জ্বালানি তেলের দোকান এবং ফিলিং স্টেশনগুলোতে মূল্যতালিকা, পণ্যের মান ও সংরক্ষণ পদ্ধতি যাচাই করা হয়।

এ সময় অনুমোদনহীন ও অনিরাপদ উপায়ে জ্বালানি তেল সংরক্ষণ এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির প্রমাণ পাওয়ায় কাঞ্চনপুর বাজারের মেসার্স আশিক হার্ডওয়্যার নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা, ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অভিযানের সময় ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে পণ্য বিক্রি এবং নিরাপদ উপায়ে জ্বালানি তেল সংরক্ষণের জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তাদের কোনো অনিয়ম চোখে পড়লে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। এ সময় অভিযানে সহযোগিতা করেন সংশ্লিষ্ট এলাকার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি টিম।