কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলোঙ্গীপাড়া এলাকায় র্যাবের মাদকবিরোধী অভিযানে ৫ জন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল এলোঙ্গীপাড়া গ্রামের ক্লিক মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় ৪২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৫ হাজার ১৫০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তাররা হলেন, গোলাপ শেখ (৩২), আব্দুল মমিন (৩৭), সাগর (২৭), রতন শেখ (২৫) ও জনি (৩৬)। তাদের সকলের বাড়ি কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলোঙ্গীপাড়া গ্রামে। র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।









