কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এক জলাশয়ে পাট ধুতে গিয়ে আগুনে পুড়া দুই বন্দুকের খণ্ডিত অংশ পেয়েছেন এক কৃষক। পরে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ তা উদ্ধার করে। গতকাল শনিবার ( ১৭ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামে ঘটে এঘটনা। পুলিশের ভাষ্য মতে, গত ৫ আগষ্ট কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র লুটপাট করেছিল দুর্বৃত্তরা।
উদ্ধারকৃত বন্দুক মডেল থানার হতে পারে। মহিষাখোলা গ্রামের কৃষক মোঃ জালাল উদ্দীন (৪৮) বলেন, আমি সকাল সাড়ে ১০ টার দিকে হোসেন আলীর জলাশয়ে পাট ধুতে নেমেছিলাম। সেসময় আমার পায়ে কিছু একটা বেঁধে যায়। পরে তুলে দেখি বন্দুক। এরপর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে তা নিয়ে যান। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে মহিষাখোলা গ্রাম থেকে আগুনে পুড়া দুইটি বন্দুকের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।
গত ৫ আগষ্ট কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র লুটপাট করেছিল দুর্বৃত্তরা। উদ্ধারকৃত বন্দুক মডেল থানার হতে পারে। আইনী প্রক্রিয়া শেষে অস্ত্র গুলো মডেল থানায় জমা দেওয়া হবে।
