কুমারখালীতে তিন তালা ভেঙে দিনের বেলায় শিক্ষকের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে তিন তালা ভেঙে দিনের বেলায় শিক্ষকের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বাড়িতে তিনটি দরজার তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, ডিস ও ইন্টারনেট লাইনের বিভিন্ন ডিভাইস ও পেনড্রাইভ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের মো. সোহেল রানার (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে এবং শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। চাকুরির পাশাপাশি তিনি একজন ডিস ও ইন্টারনেট ব্যবসা করেন। দুপরে সরেজমিন গিয়ে দেখা যায়, পাকা বাড়িটির চারিদিকে উচু ইটের প্রাচীর। ঘরের কয়েকটা দরজা, আলমারি ও ড্রয়ারের তালা ভাঙা ও অগোছালো।

এসময় স্কুল শিক্ষক সোহেল রানা বলেন, ছোট্ট ছেলেটি বিদ্যালয়ে ছিল। আমার এক দুলাভাই মারা গেছেন। মরা দেখতে ও জানাযার জন্যে সকাল সাড়ে ৯ টার দিকে আমি, আমার স্ত্রী ও মা গিয়েছিলাম। এর প্রায় দেড়ঘণ্টা পরে বাড়ি ফিরে দেখি ভবনের তিনটি দরজার তালা ভাঙা। আলমারি ও ড্রয়ারের তালা ভাঙা। বিছানা ও মেঝেতে পড়ে আছে লোহার কয়েকটি রড ও মাংস কাটার ডাঁসা। আর ড্রয়ার গুলোতে থাকা প্রায় নগদ পাঁচ লাখ টাকা, প্রায় ১০ লাখ টাকা মূল্যের সাত ভরি স্বর্ণালংকার, ডিস ও ইনরটারনেটের কয়েকটি ডিভাইস ও পেনড্রাইভ নেই। তাঁর ভাষ্য, তাঁদের বাড়ি থেকে বের হওয়াটা কেউ নজরদারি করছিলেন। বের হওয়ার পরে বাড়ির পিছনের দরজা দিয়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে চুরি করেছেন। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।