ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এমএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মারক প্রদান ও সম্মাননা জানানো হয়। গতকাল বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের চতুর্থ তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. আতিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য বলেন, শুধু শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ কিংবা মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দেওয়াই শিক্ষার উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাসমূহ সরেজমিনে পরিদর্শন, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে। বর্তমান সময়ে এ ধরনের ‘প্র্যাকটিক্যাল নলেজ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিবিড় সম্পর্কের মধ্য দিয়েই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভিত গড়ে উঠেছে। তিনি বিশ্বাস করেন, এ বিভাগের শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও মূল্যবোধ ধারণ করে নিজেদের আন্তর্জাতিক পরিমণ্ডলে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলবে। শিক্ষার্থীদের পরিশ্রমী ও আন্তরিক হয়ে নিজেদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে।









