অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাল ইবি শিক্ষক সমিতি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাল ইবি শিক্ষক সমিতি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৬, ২০২৪

ইবি প্রতিনিধি ॥ বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইবিশিস)। একইসঙ্গে সরকারের কাছে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে দ্রুত সৎ ও যোগ্য ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার নিয়োগের আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। 

গতকাল রোববার (২৫ আগস্ট) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শান্তিতে নোবেল বিজয়ী প্রথিতযশা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাচ্ছে ইবি শিক্ষক সমিতি।

পাশাপাশি বৈষম্যবিরোধী সমতাভিত্তিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছেন শিক্ষকরা। শিক্ষকরা আরও জানান, ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার-এর পদত্যাগের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সৎ, যোগ্য ও দক্ষ অধ্যাপকদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল করার আহ্বান জানিয়েছেন শিক্ষক সমিতি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর ৮ই আগস্ট একে একে পদত্যাগ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার। পরবর্তীতে প্রক্টর ও ছাত্র উপদেষ্টাও পদত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শীর্ষপদগুলো শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে অচলাবস্থা। এদিকে ১৮ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু নির্দেশনা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের। তবে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলো শূন্য থাকায় ক্লাস-পরীক্ষাও শুরুর সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে উক্ত পদগুলোতে দ্রুত যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা।