বিশেষ প্রতিনিধি ॥ মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক এবং আধুনিক বাংলাদেশের রূপকার। দেশের ক্রান্তিলগ্নে তিনি জাতিকে স্বাধীনতার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি গঠন এবং জনগণের ক্ষমতায়নের মাধ্যমে তিনি দেশের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।” তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্বগুণ আজও জাতিকে অনুপ্রাণিত করে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মের শিক্ষা গ্রহণ করা উচিত।” বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইকবাল মাহম্মদ এডিন, ওয়ার্ড বিএনপি নেতা মোনায়েম হোসেন মঞ্জু, শফিকুল ইসলাম, রবিউল মোল্লা, সাব্বির, সুফিয়ান, খোকন, জসিম, মোতালেব, সেলিম প্রামাণিক, রমজান, আমজাদ, রহিম, রাফি, মাসুম, নান্নু, হীরা, রবিউলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন বারাদি খালপাড়া জামে মসজিদের ইমাম ফজলুল করিম।
