মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে কালু মণ্ডল (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহত কালু মণ্ডল মিরপুর উপজেলার ১নং চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতের সময় কালু মণ্ডলসহ কয়েকজন মাঠে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় আহত চারজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার পর নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
