ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হালিমা বেগম একাডেমির বহুল আলোচিত ও বিতর্কিত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এনে ক্লাস বর্জন করে। এসময় প্রতিবাদী লেখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে তারা তার পদত্যাগ দাবি করে। গতকাল সোমবার (৮ জুন) হালিমা বেগম একাডেমী প্রাঙ্গণে জড়ো হয়ে সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি করে। জানা গেছে, হালিমা বেগম একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে পরিবর্তিত পরিস্থিতি ৫ আগস্টের পূর্ব থেকেই বিদ্যালয়টি শিক্ষার্থী ও শিক্ষকরা তার বিভিন্ন অনিয়ম নিয়ে সোচ্চার ছিল।
৫ আগস্টের পর শিক্ষক শিক্ষার্থীদের বাধার মুখে প্রায় দেড় বছর তিনি বিদ্যালয়ে আসতে পারেননি। সর্বশেষ চলতি বছরের ৪ মে থেকে তিনি উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিদ্যালয়টির শিক্ষকদের রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে বিদ্যালয়ে আসা যাওয়া শুরু করেছেন। এরই মধ্যে গতকাল সোমবার হালিমা বেগম একাডেমীর শিক্ষার্থীরা আবারো তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এ সময় তারা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং ক্লাস বর্জন করে। হালিমা বেগম একাডেমির নবম ভোকেশনালের ছাত্র আলী হামজা বলেন, তার অনিয়ম ও দুর্নীতির কারণে আমরা তার ক্লাস বর্জন করছি। অষ্টম শ্রেণীর আরেক ছাত্র বলেন, প্রধান শিক্ষক আমাদের স্কুলকে উইপোকার মত খেয়ে ফেলেছে। আমরা তার পদত্যাগ দাবি করি। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফি বলেন, সকলের সম্মতিতেই গত মে মাসের ৪ তারিখ থেকে আমি স্কুলে নিয়মিত হয়েছি। আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অসত্য।
