ঈদকে সামনে রেখে মাদকবিরোধী চেকপোস্ট - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঈদকে সামনে রেখে মাদকবিরোধী চেকপোস্ট 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মাদককারবারীরা যাতে মাদকের বিস্তার ঘটাতে না পারে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়ায় মাঠপর্যায়ে তৎপর রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। গতকাল সোমবার (২৫ মে) সারাদিনব্যাপী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের পর্যবেক্ষণের মাধ্যমে মাদক পরিবহন ও সরবরাহ প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) রাসেল কবীর। এসময় অধিদপ্তরের অন্যান্য সদস্যরাও উপস্থিত থেকে যৌথভাবে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে মাদক পাচার ও বিক্রির ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।