খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খোকসা-কুমারখালী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) পরিদর্শনকালে তিনি হাসপাতালের কর্মকর্তা আরিফুল হকের সঙ্গে হাসপাতালের বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা সেবার মান সম্পর্কে জানতে চান।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামায়াতের আমির মোঃ নজরুল ইসলাম, নায়েবে আমির মুর্শিদ আলম, উপজেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিন সকাল ১১টা ৩০ মিনিটে খোকসা উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন। মেলায় ১৩টি স্টলে উপজেলার কৃষকদের উৎপাদিত ফল-ফসল ও উদ্ভাবিত কৃষি প্রযুক্তির প্রদর্শনী করা হচ্ছে। মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমাদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন কৃষক জাবেদ আলী, মৎস্য কর্মকর্তা আহসান হাবিব, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, “খোকসা ও কুমারখালী এই দুই উপজেলায় প্রচুর জমি জলাবদ্ধতার কারণে এক ফসলি হয়ে আছে। বিশ্ব অস্থিরতার এ সময়ে দেশে খাদ্য উৎপাদন বাড়াতে হলে জলাবদ্ধতা দূর করে পতিত জমি আবাদে এনে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
