এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার-এর নির্বাচনী প্রচারণা জনসমর্থনের ব্যাপকতায় রূপ নিয়েছে গণজোয়ারে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে তাঁর নেতৃত্বে পরিচালিত গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রচারণাকালে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন, করমর্দন করেন এবং ভালোবাসা ও আস্থার প্রকাশ ঘটান। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা কুষ্টিয়া সদর উপজেলা ও শহর এলাকায় যেখানেই যাচ্ছি, জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

বিগত ১৫-১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণ পরিষ্কারভাবে বলছে তারা ধানের শীষেই ভোট দেবে।” তিনি বলেন, এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে কুষ্টিয়ার জন্য একটি সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান এই চারটি খাতে আমরা অগ্রাধিকার দিচ্ছি। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অনলাইন জুয়া, নারী নির্যাতন ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ার নিশ্চয়তা দিচ্ছি।”

কুষ্টিয়ার দীর্ঘদিনের যানজট সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, রেললাইন স্থানান্তর করে বিকল্প সড়ক নির্মাণ কুষ্টিয়া ইস্ট ও কুষ্টিয়া ওয়েস্ট নামে দুটি আধুনিক রেলস্টেশন স্থাপন স্টর্ম স্যুয়ারেজ সিস্টেম পুনঃনকশার মাধ্যমে স্থায়ী জলাবদ্ধতা নিরসন এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে কুষ্টিয়া শহর হবে যানজটমুক্ত ও আধুনিক নগরী। তিনি জানান, কুষ্টিয়ার প্রায় ১৫-২০ হাজার বেকার যুবকের জন্য দেশি-বিদেশি কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। চাইনিজ, জাপানিজ ও কোরিয়ান ভাষা প্রশিক্ষণ একটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কুষ্টিয়া শহরকে নদীর উত্তর দিকে সম্প্রসারণের লক্ষ্যে তিনটি নতুন সেতু ও ১০০ ফুট প্রশস্ত চক্রাকার সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। বিশেষভাবে শিলাইদহ ঘাটে সেতু নির্মাণ হলে কুষ্টিয়া ও পাবনাকে ‘টুইন সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।

কুষ্টিয়া জেলা বিএনপির নেতা আক্তারুজ্জামান কাজল মাজমাদার বলেন, কুষ্টিয়ায় এখন ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, তাতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-আগামী ১২ ফেব্রুয়ারি প্রকৌশলী জাকির হোসেন সরকার বিপুল ভোটে বিজয়ী হবেন।” জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. এমতাজ হোসেন বলেন, কুষ্টিয়া ঐতিহাসিকভাবে ধানের শীষের ঘাঁটি। আজ সারা দেশে যেমন ধানের শীষের জোয়ার, কুষ্টিয়াতেও হবে ভূমিধস বিজয়। কুষ্টিয়ার মানুষ কখনোই জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়নি, দেবেও না।” তিনি আরও বলেন, বিএনপির কৃষক, নারী ও স্বাস্থ্য খাতে ঘোষিত কর্মসূচি সাধারণ মানুষ সাদরে গ্রহণ করেছে এবং কুষ্টিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারই যোগ্য নেতৃত্ব দিতে পারেন। দিনব্যাপী এই গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। পুরো প্রচারণা জুড়ে জনসমর্থনের দৃশ্য কুষ্টিয়া-৩ আসনে নির্বাচনী লড়াইয়ে ধানের শীষ প্রতীকের শক্ত অবস্থান স্পষ্ট করে তোলে।