বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনি প্রচারণায় অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন তার সহধর্মিণী ওয়াং লিনা। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের বড়বাজারসহ জনবহুল স্থানে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যান চীন দেশের এই নাগরিক ওয়াং লিনা জাকির। কুষ্টিয়া জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন এর নেতৃত্বে ধানের শীষের সমর্থনকারীরা এতে অংশ নেন। এছাড়া এ কর্মসূচিতে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা মহিলা দলের নেত্রী, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভোট দিবো কিসে” ধানের শীষে শ্লোগান দিয়ে ভোটারদের আকৃষ্ট করেন ওয়াং লিনা জাকির।
এর আগেও তিনি বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি বাংলা ও চীনা ভাষার মিশ্রণে স্বামীর পক্ষে ভোট চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এতে সাধারণ ভোটাররা বলেন, একজন চীন দেশের নাগরিক বাংলার বধু হয়েও স্বামীর জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করছেন। এটা সত্যিই প্রসংশনীয়। এদিকে এক উঠান বৈঠকে ওয়াং লিনার ভোট চাওয়ার একটি ভিডিও ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন। ওই ভিডিওর ক্যাপশনে তিনি কবি নজরুলের একটি উক্তির বর্ননা দিয়ে লেখেন, ‘কোনোকালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি; প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়লক্ষ্মী নারী’। ৫৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে ওয়াং লিনাকে আদো আদো বাংলায় বলতে শোনা যায়, আমার হাজব্যান্ড বুয়েট ইঞ্জিনিয়ার। তিনি ভালো, ইনশাল্লাহ। ভালো দিনক্ষণ আসছে, আর সমস্যা নেই।
আপনারা সবাই আমার হাজব্যান্ড প্রকৌশলী জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দেন। এই ভিডিওটি পোস্ট করার পর নেটিজেনরা ইতিবাচক মন্তব্যের মাধ্যমে ওয়াং লিনাকে প্রশংসায় ভাসিয়েছেন। তারপর থেকে চীনা নাগরিক ওয়াং লিনা থেমে নেই। তার এমন প্রচারনার বিষয়ে জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন বলেন, প্রসংশার জন্য নয় তিনি বরং আমাদের দেখিয়ে দিচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শিক দল। ধানের শীষ কোন ব্যক্তির প্রতীক নয়। এটা গনতন্ত্র ও মানুষের আশা ভরসার প্রতীক।এর থেকে প্রতীটি ভোটারের উচিৎ হবে আগামী নির্বাচনে ন্যায়ের পক্ষে ধানের শীষকে বিজয়ী করা। সকলকে ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
