কুষ্টিয়ায় জাতীয় যুবশক্তির ৫০ নেতাকর্মীর পদত্যাগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জাতীয় যুবশক্তির ৫০ নেতাকর্মীর পদত্যাগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ স্বাধীনতা বিরোধীদের পক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে কুষ্টিয়ায় এনসিপির সংগঠন জাতীয় যুব শক্তির প্রায় ৫০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলার শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ তথ্য জানান জেলা জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক সুমন আহমেদ। এ সময় জেলা জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক সুমন আহমেদ বলেন, আমরা দীর্ঘদিনের দুঃশাসন, বিচারহীনতা, বৈষম্য এবং একনায়কতন্ত্র শাসনব্যবস্থার বিরুদ্ধে দেশের সচেতন নাগরিক হিসেবে ২০২৪ সালের জুলাই-আগষ্ট আন্দোলনে আমি এবং আমার সহকর্মী সহযোদ্ধারা স্বৈরাচার সরকারের বুলেট উপেক্ষা করে রাজপথে উপস্থিত থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমাদের একটাই উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা।

এ সময় তিনি আরও বলেন, আমাদের সকলের সম্মিলিত আন্দোলন সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন হলেও কতিপয় কিছু স্বার্থন্বেষী ব্যক্তি তাদের দলীয় আদর্শ থেকে বিচ্যুত, মামলা বাণিজ্য, সংগঠনকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ উদ্ধার ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদের পক্ষে অবস্থান নেয়ায় আমরা চরমভাবে ব্যথিত হয়েছি। আমরা বৈষম্যের বিরুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান করলেও আমাদের সংগঠনের কতিপয় ব্যক্তি নতুন করে স্বৈরাচারের রূপ ধারণ করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে রাজপথে যারা সক্রিয়ভাবে স্বৈরাচারের বিরুদ্ধে নিজেদের জীবন বাজি রেখেছে তাদের মতামত ও পরামর্শে আমরা এনসিপির সকল কর্মকাণ্ড থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি। একই সঙ্গে এনসিপি ও এর সহযোগী সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য সংগঠক সুমন বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামীর সঙ্গে আমাদের সংগঠন জোট বাঁধায় আমরা মর্মাহত। আমরা সব সময় স্বাধীনতার পক্ষে ছিলাম। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে স্বাধীনতার বিরোধী যারা ছিল তাদের সঙ্গে জোট বেঁধেছে আমাদের নেতারা। আমরা স্বাধীনতার বিরুদ্ধে কখনও অবস্থান করতে পারি না।

যার কারণে আমরা বর্তমানে দল থেকে পদত্যাগ করলাম। পদত্যাগকারী সুমন আরও বলেন, আমরা সকল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে আজকে এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি। আমাদের খোকসা থেকে দৌলতপুর পর্যন্ত নেতাকর্মীদের ৫০ জন পদত্যাগ করেছি। তবে এ বিষয়ে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হোসেন বলেন, জাতীয় যুব শক্তির কুষ্টিয়া জেলায় কোন কমিটি নেই। তিন মাস আগে একটি কমিটির দেয়া হয়েছিল তবে বিতর্কিত নাম থাকায় কমিটি দেয়ার ৫ মিনিটের মধ্যে সেটা স্থগিত করা হয়।

এরপর বর্তমানে কুষ্টিয়া জেলায় জাতীয় যুব শক্তির কোন কমিটি নেই। যারা যুবশক্তি নাম ব্যবহার করে সংবাদ সম্মেলন করেছে এরা কমিটির কেউ না তবে এরা সমর্থক হতে পারে। এ বিষয়ে পদত্যাগকারী সুমন আহমেদ বলেন, আমি জাতীয় যুবশক্তির কুষ্টিয়া জেলার মুখ্য সংগঠক ছিলাম। তবে ব্যানারে এনসিপির নাম ব্যবহারের বিষয়ে সুমন জানান, যেহেতু জাতীয় যুবশক্তি এনসিপির অঙ্গ সংগঠন এবং আমি এনসিপির কাজও করতাম সেজন্য আমি এনসিপির নাম ব্যানারে ব্যবহার করেছি। এ বিষয়ে এনসিপির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনি জানান, এনসিপির নাম ব্যবহার করাটা সাংঘর্ষিক।