বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার চারটি আসনে প্রচারনায় ভোটার দ্বারে দ্বারে ছুটে চলেছেন প্রার্থীরা। বিএনপির দলীয় নেতাকর্মীরা দ্বিধাদ্বন্দ্ব ভূলে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার এর নেতৃত্বে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন আইলচারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাজী আব্দুর রশিদ। সার্বিক তত্বাবধানে ছিলেন, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক জিহাদুজ্জামান জিকু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান,
সদর উপজেলা বিএনপি আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সি নজরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আশরাফ হোসেন নয়ন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোক্তাদির, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমি আপনাদের সন্তান বা ভাই হিসেবে আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে এসেছি।
দীর্ঘদিন ধরে আপনারা ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিলেন। স্বাধীন ভাবে কথা বলার অধিকার নেই, ন্যায্য পাওনার দাবিতে দাঁড়ানোর সুযোগ নেই। আজ ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের সম্মানের প্রতীক। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে দল থেকে আমাকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক দিয়ে পাঠিয়েছেন। কুষ্টিয়ার উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে আমি তথা ধানের শীষ বিজয় হলে আপনাদের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ।
প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমাদের প্রিয় নেত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় অসুস্থ অবস্থায় বন্দিত্বের জীবন কাটিয়েছেন শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর কারণে। তাঁর ত্যাগ আমাদের অনুপ্রেরণা। তিনি আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের মানুষের পাশাপাশি কুষ্টিয়াবাসীর আশা আকাঙ্খা পুরন করতে চাই। তাই একটি সুন্দর সমাজ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই।
তিনি আরো বলেন, আপনারা জানেন “মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক ছিলেন। উনি দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও অবদান কখনো ভুলে যাওয়ার মতো নয়। তিনি আমাদের মাঝে আর নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারন করে রাজনীতিতে আমার পথ চলা। বিএনপি জনমানুষের দল। অনেক নির্যাতনের পরেও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপোষ করেনি, দেশের মানুষের কল্যানে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তাই তার সম্মান রক্ষার্থে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিগত সময়ে আমাকে আপনারা যে ভাবে পাশে পেয়েছেন আগামী দিনেও পাশে থাকবো ইনশাআল্লাহ।
