বিশেষ প্রতিনিধি ॥ মানবতার জয় হোক’ অসহায়ত্ব দুর হোক প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কুষ্টিয়ায় কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘একটু পাশে দাঁড়াই’। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বরে, প্রতি বছরের ন্যায় এ বছরেও আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমউল হাসান অপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য সুধীজনেরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন।
সকালে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান থেকে অসহায় মানুষ একখানা কম্বল নিতে ছুটে আসে। ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক দরিদ্র শীতার্ত দিনমজুর, পথচারী ও ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এতে শীতের তীব্রতায় কষ্ট পাওয়া মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, কনকনে শীতের এই সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সত্যিই একটি মহৎ উদ্যোগ। শীত শুধু একটি ঋতু নয়, অনেক অসহায় মানুষের জন্য এটি কষ্টের আরেক নাম। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও দিনমজুরদের জন্য শীতকাল অত্যন্ত কষ্টকর। আজকের এই কম্বল বিতরণ হয়তো তাদের সব কষ্ট দূর করতে পারবে না, কিন্তু সামান্য উষ্ণতা ও ভালোবাসা দিতে পারবে, এই বিশ্বাস থেকে একটু পাশে দাঁড়াই সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক কাজ করে আসছে।
তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যকে আহব্বান জানিয়ে বলেন, আপনারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। রাজনীতি হোক বা সামাজিক কাজ-মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসল পরিচয় হওয়া উচিত। আসুন, আমরা সবাই মিলেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সহায়ক হই। এছাড়া ‘একটু পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, আসুন প্রতিদিন অন্তত’ একটি ভালো কাজ করি শ্লোগানে ২০১৪ সালে ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনটির পথ চলা শুরু হয়েছে। “মানবতার জয় হোক’ অসহায়ত্ব দুর হোকএই বিশ্বাস থেকেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছিলাম।
সমাজের বিত্তবানদের সহযোগিতায় আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ইতি মধ্যে বাংলাদেশের বাইরে তিনটি দেশে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, শীত মৌসুম জুড়েই জেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হয়। এছাড়া অনেকের বাড়িতে সুপেয় খাবার পানি না থাকায় সেখানে টিউবওয়েলের ব্যবস্থা করেছি। ঈদের আগে অসহায় মানুষের মূখে হাসি ফোটানো, মাদ্রাসা, মসজিদে সাধ্যমত সহায়তা প্রদান করা হয়। এদিকে স্থানীয়রা ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
