মোশাররফ হোসেন ॥ চারদিকে গোল হয়ে বসেছেন কিছু মানুষ এর মাঝে দেখা যাচ্ছে আগুনের শিখা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষেরা। ঘন কুয়াশা আর কনকনে শীতে কুষ্টিয়া জন জীবন বিপর্যস্ত। কনকনে ঠান্ডায় কাবু এ অঞ্চলের মানুষ। কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্নআয়ের মানুষ বেশি বিপাকে পড়েছেন। একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় কুষ্টিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীত আর এক টানা ঘন কুয়াশার কারণে কুষ্টিয়া কুমারখালী উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে শীত বেশি অনুভূত হওয়ায় এবং হিমেল হাওয়া অব্যাহত থাকায়, মানুষ শহরের পুরাতন কাপড়ের দোকানগুলোতে সারাদিন ভিড় জমাচ্ছেন। বেচাকেনাও বেশি হচ্ছে। সন্ধ্যার পর দোকানগুলো থেকে ক্রেতাদেরকে হাতের ও পায়ের মোজা, মাফলার, টুপি, কানটুপি জাতীয় কাপড় কিনতে দেখা যায়। তেবাড়িয়া গ্রামের ভ্যান চালক মিলন বলেন, আমরা খেটে খাওয়া মানুষ ।
প্রতিদিন কাজ না করলে আমাদের সংসার চলে না। কয়েকদিন যাবত অতিরিক্ত কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডা বাতাসের কারণে আমরা কাজে যেতে পারছি না। কুমারখালী আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য মতে, মঙ্গলবার সকাল ৬টায় কুষ্টিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।
