দৌলতপুর ফিলিপনগরে দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর ফিলিপনগরে দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৯, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর বৈরাগীরচর বাজার সংলগ্ন পশ্চিম পাড়ায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭ টার দিকে ওয়াচেদ ভ্যানচালকের ছেলে আসাদুলসহ কয়েকজন বৈরাগীরচর বাজারের সাইদুরের হোটেলে পেঁয়াজি-বড়া খেতে বসেন।

এ সময় স্থানীয়ভাবে পরিচিত সুদকারবারি সুইদী সোহেলসহ তার সহযোগীরা সেখানে উপস্থিত হলে আসাদুলের সঙ্গে সোহেলের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে আলাদা করে দেয়। তবে কিছুক্ষণ পরই তপকুল বাহিনীর লোকজন ও সোহেলপন্থিদের মধ্যে বৈরাগীরচর বাজার থেকে পশ্চিম দিকে সড়কের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তপকুল বাহিনী ও ইন্তা-সোহেল বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে, এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশসহ কুষ্টিয়া জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল দপ্তরে অবগত করা হলে পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছান।

গুরুতর আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি,এই সংঘর্ষের পেছনে দীর্ঘ ৫-৬ মাস ধরে চলমান অভ্যন্তরীণ কোন্দল রয়েছে।পাশাপাশি স্থানীয় বিএনপির দুইটি গ্রুপের আশ্রয়-প্রশ্রয়ে উভয় পক্ষ শক্তি সঞ্চয় করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে অভিযোগ উঠেছে।এছাড়া স্থানীয়দের তথ্যমতে, অস্ত্রধারী সন্ত্রাসী, জবরদখলকারী ও একাধিক হত্যা ও মাদক মামলার আসামি টুকু এবং গিট্টু সোহাগ বাহিনীর যোগসাজশে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার সময় গিট্টু সোহাগ, রওশন, রাসেলসহ আরও কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকাবাসীর মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।