কুষ্টিয়ার ৭ থানায় নতুন ওসি’র পদায়ন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার ৭ থানায় নতুন ওসি’র পদায়ন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৫

নিজ সংবাদ ॥ দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই থানার ওসিদের পদায়ন হলো। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়নকৃতদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে। ৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।

পদায়নের মধ্যে- ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে পদায়ন করা হয়েছে, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসিকে পদায়ন করা হয়েছে, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে। গত সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া ৭টি থানার মধ্যে ৫ থানার অফিসার ইনচার্জকে একযোগে ঢাকা রেঞ্জে বদলি করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাস।

যার ফলে কুষ্টিয়ার খোকসা, কুমারখালী, কুষ্টিয়া মডেল থানা, মিরপুর থানা এবং ভেড়ামারা থানা ওসি শূন্য হয়ে পড়ে। যারফলে ঐ ৫টি থানা সহ কুষ্টিয়ার ৭টি থানা গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নতুন নিয়োগ দেওয়া হয়। কুষ্টিয়া মডেল থানায় মো. কবির হোসেন মাতুব্বর, মিরপুর থানায় মো. শহিদুল ইসলাম, দৌলতপুর থানায় মো. আরিফুর রহমান, কুমারখালী থানায় জামাল উদ্দিন, ভেড়ামারা থানায় মুহাম্মদ জাহেদুর রহমান, ইবি থানায় মো. মাসুদ রানা এবং খোকসা থানায় মো. মোতালেব হোসেনকে অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দেওয়া হয়েছে।