যোগ্য প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়ন করা সম্ভব: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যোগ্য প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়ন করা সম্ভব: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৩০, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার জিয়ারখী ও কাঞ্চনপুর ইউনিয়নে সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কমলাপুর এলাকায় কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব আলম বিশু ও সদর থানা বিএনপির সাবেক সদস্য সেক্সপিয়ার। এলাকায় উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় স্থানীয় শিক্ষাবিদ, পেশাজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

উপস্থিত সুধীজনেরা এলাকার সামাজিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত সমস্যা তুলে ধরে সমাধানের দাবি জানান। এসময় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সততা নিয়ে রাজনীতি করার চেষ্টা করি। “জনগণের ইচ্ছাকেই বেশি প্রাধান্য দিই। জিয়ারখী ও কাঞ্চনপুর তথা কুষ্টিয়ার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়নমুখী একটি আধুনিক ও সমতাভিত্তিক এলাকা গড়াই আমাদের লক্ষ্য। তিনি বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে। তবে ভোট দেওয়ার আগে প্রতিটি ভোটারকে ভাবতে হবে কাকে সে ভোট দিবে, যোগ্য প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়ন করা সম্ভব।

আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে আগামী ত্রয়োদশ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। জনগন তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই, তারা অপেক্ষায় আছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং তারা পচ্ছন্দের প্রার্থীকে ভোট দিবে। আমি বলতে চাই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়নে ধানের শীষের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে ধানের শীষে ভোট দিন। এছাড়া সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী পরবর্তী পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।