মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৮, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের শ্যালক কাজী ফয়েজ মাহমুদসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ (৫২), মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ২৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মো. শাহাদাত হোসেন (৪৪), চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারী (৫৫), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মশিউর রহমান (৩২),

ঢাকা মহানগর দক্ষিণের উপ-গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলিম আল তারিফ (২৮) ও আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান (৪৫)। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ডিবি-তেজগাঁও বিভাগ রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও থানাধীন মনিপুরিপাড়া এলাকা থেকে মো. শাহাদাত হোসেনকে গ্রেফতার করে।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার সময় খিলগাঁও থানাধীন নন্দীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। এ ছাড়া রাত ৮টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকা থেকে মো. মশিউর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ। অন্যদিকে, রাত পৌনে ১১টা টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে কাজী ফয়েজ আহমেদকে এবং রাত পৌনে ১২টা টার দিকে ডেমরা থানা এলাকা থেকে মো. টিপু সুলতানকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় লালবাগ থানা এলাকা থেকে আলিম আল তারিফকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।