অর্থনীতিকে গতিশীল করে গড়ে তুলতে সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজনঃ বিবি করিমুন্নেছা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অর্থনীতিকে গতিশীল করে গড়ে তুলতে সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজনঃ বিবি করিমুন্নেছা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৩, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার মিরপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে গতকাল শনিবার (০২ নভেম্বর) সকালে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে এ দিবস উদযাপিত হয়। উপজেলা সমবায় অফিস চত্বরে সকাল ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে সমবায়ীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এক র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার জহুরুল আমিনের সভাপতিত্বে ও জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা। এ সময় সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুপসী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সম্পাদক জহুরুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা বলেন-বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে।“ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ৫৩তম ‘জাতীয় সমবায় দিবস-২০২৪’ পালিত হচ্ছে।

এ উপলক্ষে আমি মিরপুরের সকল সমবায়ীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, “অর্থনীতিকে গতিশীল করে গড়ে তুলতে সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজন। আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। উপজেলা সমবায় অফিসার জহুরুল আমিন বলেন, ‘সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। উল্লেখ্য সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।