কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী উত্তর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী উপজেলার উত্তরের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রশিবিরের কুমারখালী উত্তর শাখা র সভাপতি মোঃ ইসরাইল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ ইমরান খান।
ছাত্রশিবির কুমারখালী উত্তর শাখার সেক্রেটারী রিয়াদ আল মাহমুদের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেনকুমারখালী উপজেলা শাখার জামায়াতে আমির মোঃ আফতাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারী মোঃ ইখতিয়ার উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ২০০৬ সালের (২৮ অক্টোবর ) এই দিনে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীকে হত্যা করা হয়। বিএনপি-জামায়াতের দাবি, একদলীয় শাসনের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেদিন রাজপথে তাণ্ডব চালায় আওয়ামী লীগ।
রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। যা নিয়ে নিন্দার ঝড় উঠে দেশে-বিদেশে। তবে বিষয়টি হঠাৎ করে ঘটেনি। লগি-বৈঠা নিয়ে রাজপথে এসে প্রতিপক্ষকে দমনের ঘোষণা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের। লগি-বৈঠার তাণ্ডব ছাড়াও রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের দিনব্যাপী চলে রক্তক্ষয়ী সংঘর্ষ।এসব ঘটনায় মামলা হলেও ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠনের পর মামলা প্রত্যাহার করা হয়। জামায়াতের দাবি, সেদিনের ঘটনায় পুলিশ-প্রশাসন ছিল নীরব দর্শকের ভূমিকায়। তাই দিনব্যাপী চলে আওয়ামী লীগের তাণ্ডব।
