জমি দখলের অভিযোগে কাউন্সিলর সহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রাজ্জাকের পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর সহ প্রভাবশালীদের বিরুদ্ধে।

জমি দখলের অভিযোগে কাউন্সিলর সহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিষয়টি নিয়ে কুষ্টিয়া মডেল থানায় কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জালাল, পশ্চিম মজমপুর এলাকার মৃত জনাব আলীর ছেলে সহিদুল হক (৭৫),সহিদুল হকের দুই ছেলে
মিঠু(৫২) ও টিটু(৫০),উদিবাড়ী মজমপুর বাইতুন নূর জামে মসজিদের সভাপতি মোজাফ্ফর(৬০) সহ প্রভাবশালী কয়েকজনের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রাজ্জাকের সহধর্মিনী মোছাঃ নিলুফার খাতুন (৬০)।

অভিযোগ সুত্রে জানা যায়, মজমপুর মৌজার আর.এস ২০১/০৪ নং খতিয়ানভূক্ত ৩৭৫১ নং দাগের মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রাজ্জাকের পরিবারের দখলীয় সম্পত্তি। সেখানেই তাদের বসবাসের বাড়ি রয়েছে। গত কয়েকদিন ধরে সেখানে মসজিদের বাউন্ডারির প্রাচির নির্মানের কাজ চলছে। বাউন্ডারির উত্তর পাশে কুষ্টিয়া পৌরসভার নির্মিত একটি পাকা রাস্তাও রয়েছে।
তারপরেও পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করার নানা ধরনের কৌশল প্রয়োগ করেছে অভিযুক্তরা। এরই জেরধরে মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন ঢাকাতে বেড়াতে যাওয়ার সুযোগে বাড়িতে সবাই অনুপস্থিত থাকলে গত ১১/০৪/২৩ ইং তারিখ অনুমান বিকেল ৪ টার কাউন্সিলর শাহজালাল ও মসজিদ কমিটির সভাপতি মোজাফফরের নেতৃত্বে অভিযুক্তরা মুক্তিযোদ্ধা পরিবারের টিনের বেড়া বে-আইনীভাবে ভাংচুর করে তাদের জায়গার উপর থাকা ফলজ গাছ কর্তন করে ক্ষতি সাধন করে বাড়ির গেটে তালা দিয়ে দেয় এবং তাদের জায়গা দখল করে চলাচলের রাস্তা নির্মান করার জন্য পায়তারা শুরু করে।
পরবর্তীতে মুক্তযোদ্ধা পরিবারের লোকজন স্বরেজমিনে জমিতে উপস্থিত হয়ে বিষয়টির প্রতিবাদ জানাতে গেলে অভিযুক্তরা তাদের উপর হুমকি ধামকি প্রদান করে। বর্তমানে মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন খুবই ভয়ের মধ্যে জীবন যাপন করছেন। তারা আইনের কাছে সঠিক বিচারের দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে কুষ্টিয়া পোরসবার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালালের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান, এখানে যারা অভিযোগ করেছে তারা আপন ভাই বোন৷ ভাইয়ের জায়গা পিছনে থাকার কারনে বোনকে রাস্তার জায়গা ছেড়ে দিতে হবে। আমি এলাকার প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলাম।

বিষয়টি নিয়ে উদিবাড়ী মজমপুর বাইতুন নূর জামে মসজিদের সভাপতি মোজাফ্ফর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেনের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ এখনো হাতে পায়নি। এছাড়াও জমিজমা সংক্রান্ত বিষয়গুলো আদালতের ব্যাপার। তারপরেও আমাদের আইনগত করনীয় কোন ব্যাপার থাকলে বিষয়টি তদন্তপূর্বক দেখবো।
