নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও এক রাউন্ড ফায়ারকৃত গুলির খোসাসহ মো. শিহাব উদ্দীন (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি। এ সময় তাঁর কাছ থেকে একটি পুরোনো বাটন মোবাইল ফোন ও ব্যবহৃত একটি সিমকার্ডও জব্দ করা হয়েছে।
আটককৃত শিহাব উদ্দীন দফাদারপাড়া এলাকার মৃত তফিল উদ্দীন প্রামাণিক ও জুবেলা খাতুনের ছেলে।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দফাদারপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল শফি কবিরাজের বসতবাড়ির পশ্চিম পাশে ইটের রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় একটি লোহার তৈরি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, এক রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, একটি পুরোনো বাটন মোবাইল ফোন ও একটি ব্যবহৃত সিমকার্ডসহ শিহাব উদ্দীনকে আটক করা হয়।
এসআরবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









