রঞ্জুউর রহমান ॥ অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা এবং ট্রেজারি ও স্ট্যাম্প শাখা) মেহেদী হাসান রিফাত।
এ ছাড়া সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, জেলায় যোগদানের পর প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী, শহর লালন স্মরণ উৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে উপস্থিত থাকার সুযোগ হয়েছে। অতীতের মতো এবারও সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদা, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক আরও বলেন, এবারের আয়োজন তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। আগামী বছর এ আয়োজন পাঁচ দিনব্যাপী করা যায় কি না, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ ও প্রচেষ্টা নেওয়া হবে।
তিনি বলেন, এ ধরনের আয়োজন শুধু একজন বরেণ্য সাহিত্যিককে স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আয়োজনটি সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সভায় বক্তারা বলেন, আমরা স্মরণ করছি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যুগস্রষ্টা ও কালজয়ী অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেনকে। উনবিংশ শতাব্দীর মুসলিম সাহিত্যিকদের মধ্যে তিনি ছিলেন এক আলোকবর্তিকা, যিনি তাঁর অসাধারণ লেখনীর মাধ্যমে বাঙালি মুসলিম সমাজে সাহিত্য চর্চার এক নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন। তৎকালীন সমাজে যখন মুসলিম সাহিত্যিকদের উপস্থিতি ছিল বিরল, তখন মীর মশাররফ হোসেন তাঁর শক্তিশালী লেখনী দিয়ে বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেন।
তারা বলেন, তাঁকে স্মরণ করতে গেলেই সবার আগে আমাদের চোখে ভেসে ওঠে তাঁর মহাকাব্যিক উপন্যাস ‘বিষাদ-সিন্ধ’র কথা। কারবালার বিষাদময় ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত এ গ্রন্থটি বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। এর ভাষা, আবেগ এবং কাহিনীর গভীরতা এতই হৃদয়স্পর্শী যে, এটি কেবল মুসলিম সমাজেই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালি পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে।








