দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির পাশের বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সিজান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিজান ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশ মজিবুর রহমান জানান, সকালে সিজান বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের বিলে শাপলা ফুল তুলতে পানিতে নামে সে। একসময় পানিতে তলিয়ে যায় শিশুটি। পরে তার বাবা খোঁজাখুঁজির একপর্যায়ে বিল থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।









