বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার আওতাধীন কবি আজিজুর রহমান সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ২৪ কোটি ২২ লাখ টাকার বেশি ব্যয়ে চলমান এ প্রকল্পে এক নম্বর ইটের সঙ্গে তিন নম্বর ইট মিশিয়ে কাজ করার অভিযোগ করেছেন স্থানীয় সূত্র। এ নিয়ে প্রশ্ন উঠেছে নির্মাণকাজের মান নিয়ন্ত্রণ ও প্রকৌশল বিভাগের তদারকি নিয়ে।
পৌরসভা সূত্রে জানা যায়, বড় বাজার রেলগেট থেকে চাউলের বর্ডার পর্যন্ত কবি আজিজুর রহমান সড়কের উন্নয়নকাজ চলছে। প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের পাশাপাশি বিসি/আরসিসি ড্রেন, ফুটপাত ও স্ট্রিট লাইট স্থাপনের কাজও অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির বরাদ্দ ২৪ কোটি ২২ লাখ ৫১ হাজার ৮৭১ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ইউবি-আরকে-এনকে (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে নির্মাণাধীন সড়কে গিয়ে কাজ চলতে দেখা যায়। এ সময় নির্মাণকাজে এক নম্বর ইটের সঙ্গে তিন নম্বর ইট মেশানোর অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সেখানে উপস্থিত ঠিকাদার ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, “সামান্য পরিমাণ দেওয়া হচ্ছে।”
তবে সড়ক নির্মাণের নির্ধারিত কার্যাদেশ বা স্পেসিফিকেশনে তিন নম্বর ইট ব্যবহারের অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, কারিগরি স্পেসিফিকেশন ও নির্মাণ উপকরণের মান পরীক্ষার প্রতিবেদন যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার সিভিল বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মাজেদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়ক নির্মাণের সিডিউলে তিন নম্বর ইট ব্যবহারের কথা নেই। তবে তিনি কাজের সাইটে যাননি বলে জানান। এ বিষয়ে বিস্তারিত জানতে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
অন্যদিকে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, “আমি প্রকৌশলীদের পাঠিয়ে খোঁজ নিচ্ছি। কোনো প্রকার অনিয়ম পেলে কাজ বন্ধ করে দেওয়া হবে।”









