রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ও একটি পাটের গোডাউন পুড়ে গেছে। এ ঘটনায় গোডাউনে থাকা আনুমানিক ১০০ থেকে ১২০ মণ পাটসহ বাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও নগদ অর্থ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে দুইজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত আনুমানিক ১১টার দিকে নওদা খাদিমপুর গ্রামের মন্টু প্রামাণিক ও জাহাঙ্গীর হোসেনের বসতভিটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাঁরা দুজনই মৃত মঞ্জিল প্রামাণিকের ছেলে। স্থানীয়দের ভাষ্য, রাত ১১টার দিকে বাড়ির সামনে থাকা পাটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউন থেকে আশপাশে ছড়িয়ে পড়ে। পরে আগুন মন্টু প্রামাণিক ও জাহাঙ্গীর হোসেনের বসতবাড়িতে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
অগ্নিকাণ্ডে মন্টু প্রামাণিকের পাটের গোডাউনে থাকা আনুমানিক ১০০ থেকে ১২০ মণ পাট পুড়ে যায়। একই সঙ্গে তাঁর বাড়িতে থাকা আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে, জাহাঙ্গীর হোসেনের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। এতে বাড়ির আসবাবপত্র, গৃহস্থালির বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে গেছে বলে স্বজনরা জানিয়েছেন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি বাড়ি ও পাটের গোডাউনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় আগুনে পুড়ে মন্টু প্রামাণিক ও জাহাঙ্গীর হোসেনের ছেলে গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে সোমবার রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শোয়েব বলেন, “আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। পরিবারের লোকজন জীবন বাঁচাতে ঘর থেকে বের হয়ে আসেন। আগুনে অনেক মালামাল পুড়ে গেছে। আহত দুইজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি বর্তমানে চরম ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সহযোগিতার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।









