কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পদ্মা নদীতে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান 

বিশেষ প্রতিনিধি ॥ মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার পদ্মা নদীতে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ৩টা থেকে কুষ্টিয়া জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে কুষ্টিয়া সদর উপজেলার আওতাধীন পদ্মা নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়।

 

কুষ্টিয়া জেলা প্রশাসনের সহাকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার, কুষ্টিয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফ হাসান সোহাগ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুপালী খাতুন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও এ এম জুবায়েদ রিপন প্রমূখ। অভিযানে সহযোগিতা করে ঈশ্বরদী লক্ষীকুন্ডি থানার নৌ পুলিশ সদস্যরা। এসময় নৌ পুলিশের এস আই সফি উদ্দিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। 

 

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং জেলেদের সচেতন করা এ অভিযানের অন্যতম লক্ষ্য। 

 

কুষ্টিয়া জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে সরকার নির্ধারিত সময়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং দেশের মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ হবে।

 

তিনি আরো বলেন, নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় বন্ধ রাখতে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নিষেধাজ্ঞার সময় তাঁদের সরকারি সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর