মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে নার্গিস চৌধুরী স্মৃতি সিজন-১ গাদন টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে বহলবাড়ীয়া গাদন দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুরের ধর্মদহ গাদন দল। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মিরপুর পৌরসভার ওয়াপদা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা সিএনজি মালিক সমিতি, শ্রমিক সমিতি ও জয়মন ক্লিনিকের যৌথ আয়োজনে এবং মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের সার্বিক তত্ত্বাবধানে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে ধর্মদহ গাদন দল। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু এবং সাবেক উপজেলা যুবদল সভাপতি আজাদুর রহমান আজাদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, গ্রামীণ ঐতিহ্যের গাদন খেলাকে জনপ্রিয় করা এবং নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।









