নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প। এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল বারাদি গ্রামের মোঃ মোবারক আলী (৭০) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের খোলা শয়নঘরের মাটির গর্তের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ‘তরাশ’ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং একটি পিস্তলের কভার উদ্ধার করা হয় বলে জানিয়েছে এসআরবি।
এসআরবির দাবি, উদ্ধার করা পিস্তলটি একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র। তবে অস্ত্রটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








