বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শহরের শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি দেবেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, কুষ্টিয়ার সহকারী পরিচালক হ্যাপী সাহা। সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ডা. পি কে সাহা। এ সময় বক্তারা আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি পূজার সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট মন্দির ও পূজা কমিটিগুলোকে সতর্ক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও অন্যতম অনুষঙ্গ। তাই উৎসবকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা কমিটির প্রতিনিধি এবং জেলার বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার পূজার প্রস্তুতি ও বিভিন্ন বিষয় তুলে ধরে মতামত দেন এবং দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।









