বিশেষ প্রতিনিধি ॥ ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬ পর্বের খেলায় সুযোগ পাবে একজন। এরই আলোকে জেলা পর্যায়ের রেটিং অনুযায়ী দুই দিনব্যাপী কুষ্টিয়ায় দাবা খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের ডরমিটরি ভবনে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত রবিবার প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার ২২ জন দাবাড়ু অংশ নেন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দাবার বোর্ডে নিজেদের দক্ষতা ও কৌশল প্রমাণে প্রতিদ্বন্দ্বিতা করেন অংশগ্রহণকারী খেলোয়াড়রা।
প্রতিযোগিতা শেষে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) একজন খেলোয়াড় বিজয়ী হিসেবে নির্বাচিত হন। প্রতিযোগিতায় ২২জনের লড়াই শেষে কুষ্টিয়া এসিপিবির সাধারণ সম্পাদক মুহায়মেনুল ইসলাম ২০২৬ সালের বাছাই পর্বে সেরা খেলোয়াড় বিজয়ী হিসেবে নির্বাচিত হন। আগামী দিনের ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে কুষ্টিয়ার হয়ে লড়বেন তিনি। আয়োজক সূত্রে জানা গেছে, বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর আঞ্চলিক পর্বের অঞ্চল-৩ খুলনা ও বরিশাল বিভাগীয় অঞ্চলের খেলা আগামী ২ হতে ৬ অক্টোবর, ২০২৬ পর্যন্ত তারিখে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় দাবার আঞ্চলিক পর্বের খেলা ৫ দিন ব্যাপী ৭ রাউন্ড সুইস-লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
আগামী ২ অক্টোবর, ২০২৬ তারিখ বেলা ৩ টা হতে আঞ্চলিক পর্বের খেলা শুরু হবে। এবারের অঞ্চল-৩, খুলনা ও বরিশাল অঞ্চল হতে ৪ (চার) জন খেলোয়াড় ৫০ তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়শিপে অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়া বিভিন্ন জেলার নির্ধারিত আসন ছাড়াও অন্যান্য খেলোয়াড়রা নিজ খরচে দ্বিগুন এন্ট্রি ফিসহ অংশগ্রহণ করতে পারবেন। তবে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা থেকে খুলনার ৫জন ও বরিশালের ৪জন এবং খুলনা ও বরিশাল বিভাগের প্রতিটি জেলা থেকে একজন খেলোয়াড় অংশ নিতে পারবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন খেলোয়াড় অংশ নিতে পারবেন।
তবে উক্ত বাছাই প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড় খোকন ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর আঞ্চলিক পর্বে খুলনা ও বরিশাল বিভাগীয় অঞ্চলের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তানভীর হোসেন। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, কুষ্টিয়া এসিপিবির সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মুহায়মেনুল ইসলাম খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম মঞ্জু।









