কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অনিবন্ধিত দোকানে সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে অনিবন্ধিত দোকান বা খোলাবাজারে সরকারি সার বিক্রির অভিযোগে এক বিএডিসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও খোলাবাজারে বিক্রি হওয়ায় প্রায় ২০ বস্তা টিএসপি ও ২৬ বস্তা এমওপি সার উদ্ধার করে ওই ডিলারকে ফেরত দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ( ১৪ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজার এলাকায় অভিযান চালায় প্রশাসন। কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(৩) ধারায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।

আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও থানা পুলিশ। জরিমানা গুণা ওই ডিলাররে নাম শেখ এনায়েত হোসেন। তিনি নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজার এলাকার মেসার্স কমরেড এন্টারপ্রাইজের প্রোপাইটর ও সরকার কর্তৃক নিয়োগকৃত বিএডিসি ডিলার। রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন মুঠোফোনে জানান, বিধি লঙ্ঘন করে অবৈধভাবে অনিবন্ধিত দোকানে ২০ বস্তা টিএসপি ও ২৬ বস্তা এমওপি সার বিক্রির অপরাধে বিএডিসি ডিলার শেখ এনায়েত হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনিবন্ধিত দোকানে বিক্রি হওয়া ৪৬ বস্তা সার ওই ডিলারকে ফেরত প্রদান করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪৭ হাজার টাকা।

তাঁর ভাষ্য, বিএডিসি ডিলার অন্য কোনো ব্যবসায়ীর নিকট সার বিক্রি করতে পারেন না। তিনি সরাসরি কৃষক পর্যায়ে সার বিক্রি করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার জানান, অবৈধভাবে সার বিক্রির অপরাধে এবং নিয়ম ও বৈধতা লঙ্ঘন করে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(৩) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ সুরক্ষা, সারের সুষ্ঠু বিতরণ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন সকল সার ব্যবসায়ী ও পরিবেশককে সরকারি আইন ও নীতিমালা যথাযথভাবে মেনে ব্যবসা পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর