বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া-এর নেতৃবৃন্দ। এসময় উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কুষ্টিয়া শহর ও জেলার পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
এসময় রাশেদ খাঁন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ রাশেদ খাঁনের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে কুষ্টিয়ার পরিবেশ ও সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এতে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার আহবায়ক আব্দুল মঈদ বাবুল, সদস্য সচিব জামির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









