রঞ্জুউর রহমান ॥ দেশে উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কুষ্টিয়াসহ সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদ রায়হান।
গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের মাল্টিপারপাস হলরুমে কমিউনিটি ক্লিনিকভিত্তিক স্বাস্থ্যসেবা ও ডেঙ্গু সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদ রায়হান বলেন, বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। এ পরিস্থিতিতে আগামী শনিবার ডেঙ্গু সচেতনতা দিবস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবসের উদ্বোধন করা হবে। এরপর টানা তিন মাস দেশব্যাপী এ কর্মসূচি পরিচালিত হবে। তিনি জানান, ঢাকায় প্রায় ২৫ হাজার স্বেচ্ছাসেবক এ কার্যক্রমে অংশ নেবেন।
একই সঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সিভিল সার্জন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। জাহিদ রায়হান বলেন, কর্মসূচিটি আন্তরিকতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা গেলে খুব শিগগিরই দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতন অংশগ্রহণও জরুরি। সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, কমিউনিটি ক্লিনিক দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ. এম. আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আক্রামুজ্জামান মিন্টু, সিনিয়র কনসালট্যান্ট ডা. নাসিমুল বারী বাপ্পী এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সালাম। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় কমিউনিটি ক্লিনিকভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।








