ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, বিগত দুই-তিন দিন আগে ক্যাম্পাসে একটি সংকট তৈরি হয়েছিল। গোয়েন্দা রিপোর্টের তথ্য অনুযায়ী এই সংকট তৈরির ক্ষেত্রে বাইরের কিছু ‘ব্যাড এলিমেন্ট’ বা দুষ্কৃতকারী এবং ভেতরের একটি ক্ষুদ্র অংশ জড়িত। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে জব কর্নারটির উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রদল ছাত্রশিবির নেতৃবৃন্দ ও চাকরির প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান আরও বলেন, “ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক সুনাম ও গৌরবময় অর্জন রয়েছে। আবার কিছু সীমাবদ্ধতাও রয়েছে।
অতিসম্প্রতি বিগত দুই-তিন দিন আগে ক্যাম্পাসে একটি সংকট তৈরি হয়েছিল। রাষ্ট্রের সমস্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এই সংকটটি বিশ্ববিদ্যালয়ের ভেতরের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্য থেকে তৈরি হয়নি। এই সংকট তৈরির ক্ষেত্রে বাইরের কিছু ‘ব্যাড এলিমেন্ট’ বা দুষ্কৃতকারী এবং ভেতরের একটি ক্ষুদ্র অংশ জড়িত।” তিনি বলেন , “ বর্তমান প্রশাসন প্রত্যাশা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যারা আছেন, তারা সবাই নিজ নিজ পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।
শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যা যা করণীয়, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সবই করবে। ” তিনি আরও বলেন, “ কোনো অপশক্তি বা দুষ্কৃতকারীদের কাছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এক চুল পরিমাণও নতি স্বীকার করবে না। তোমাদের কাছে আমার প্রত্যাশা হলো, তোমরা সার্বক্ষণিকভাবে সর্বদা সজাগ থাকবে, যাতে ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। কেউ ষড়যন্ত্র করলে আমরা সম্মিলিতভাবে সবাই মিলে তা প্রতিহত করব ইনশাআল্লাহ।









