ঢাকা অফিস ॥ আবহাওয়াবিদরা বলছেন, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে একে মৃদু তাপপ্রবাহ বলা হয়। সারাদেশেই গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলেছে। তাপপ্রবাহে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। তবে দেশের দুই বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বাঘাবড়ি, রাঙামাটি, ফেনী, বান্দরবান, রামগতি, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালী, কয়রা, পটুয়াখালীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে একে মৃদু তাপপ্রবাহ বলা হয়।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এবারের এপ্রিল ছিল বেশ স্বস্তিদায়ক। এর আগে এ মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এবার সর্বোচ্চ ছিল ৪০ ডিগ্রি। আর মে মাসে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা খুব একটা আর বাড়বে না। আজকে থেকে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে শুরু করবে বলে তিনি জানান।
