কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীর স্থলে কর্মরত আছেন মাত্র একজন। এতে প্রতিনিয়ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী, স্বজন ও চিকিৎকরা। ফলে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বজায় রাখতে হাসপাতালটিতে পরিস্কার পরিছন্নতা অভিযান চালিয়েছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ( এমপি) মো. আফজাল হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পরিছন্নতা অভিযান শুরু করেন।
চলে সকাল ১০ টা ৩৭ মিনিট পর্যন্ত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দীন মাষ্টার, সহকারী সেক্রেটারি আবুল হাসান শমসের, কর্মপরিষদ সদস্য ও বাগুলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমদ, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানা প্রমূখ। সকাল সোয়া ১০টার দিকে সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ভবনের সামনে ফুলের বাগান রয়েছে। তার সামনে ময়লা – আবর্জনা পরিস্কার করেছেন এমপি আফজাল হোসেন ও তাঁর দলীয় নেতাকর্মীরা। তাঁদের হাতে সার্জিকাল গ্লাভস, মাথায় টুপি ও শরীরে গাউন।
তাঁরা বড় ঝাড়ু দিয়ে ময়লা – আবর্জনা পরিস্কার করছেন। এ সময় সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ঢাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। তাঁর নির্দেশনায় কুষ্টিয়া ৪ আসনে গতকাল (সোমবার) অভিযান শুরু করা হয়েছে। হাসপাতালসহ প্রতিটা প্রান্তর নিট অ্যান্ড ক্লিন করা হবে। তিনি আরো বলেন, পরিচ্ছন্নতাকর্মীসহ হাসপাতালের সকল জনবল সংকটে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করার জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খালেক সাইফুল্লাহ বলেন, ৩ ওয়ার্ডবয় পদের ৩টিই শূণ্য, একমাত্র মালী পদটি শূণ্য। ২টি নিরাপত্তা কর্মীর ২টিই শূণ্য। ৫ পরিছন্নতা কর্মীর ৪টিই শূণ্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সকলেই। আজ এমপি সাহেব হাসপাতালে পরিস্কার – পরিছন্নতা অভিযান শেষে জনবল সংকট নিরোসনের আশ্বাস দিয়েছেন।
