বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাজারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৭টার দিকে পৌর ১৬ নং ওয়ার্ডের অন্তর্গত মঙ্গলবাড়িয়া বাজার প্রাঙ্গনে সামাজিক ব্যক্তিবর্গ এ দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সার্বিক সঞ্চালনা করেন কুষ্টিয়া পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, স্থানীয় বিএনপি নেতা তমিজ উদ্দীন, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির প্রমূখ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং সকল রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া দেশ, জাতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যও দোয়া করা হয়। দোয়া মাহফিলে কয়েক শো নারী ও পুরুষ অংশ নেয়।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ রয়েছেন। তার সম্পূর্ণ সুস্থতা জাতির প্রত্যাশা। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও গণতন্ত্রের নেতৃত্বে ফিরে আসেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিলো দশম শ্রেণি পর্যন্ত। এতে মেয়েরা সু শিক্ষায় শিক্ষিত হতে পারে। কারন বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য ফ্রি শিক্ষা চালু করেছিলেন। তাই মেয়েদের রেজাল্ট ছেলেদের তুলনায় ভালো হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে সময় কৃষকদের ৫ হাজার টাকার উপরে যে ঋণ ছিলো তা মওকুফ করেছিলেন। ব্যবসায়ীদের জন্য সহজ করতে ব্যক্তি পর্যায়ে ৯৫% যে ট্যাক্স ছিলো তা কমিয়ে ২৫% করেছিলেন।
আমদানি-রপ্তানি, বানিজ্য সহজিকরণ, সম্প্রসারন করতে ২৭ দফা যে ট্যাক্স ছিলো তা কমিয়ে, উনি সেটা ৭ দফা করেছেন। এভাবে ব্যবসা বানিজ্য, মুক্তিযুদ্ধ, ইসলামের প্রসার, কৃষি ক্ষেত্রসহ সবকিছুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুগান্তকারী পদক্ষেপ রেখেছেন। এই যুগান্তকারী পদক্ষেপের জন্যই সারা বাংলাদেশের মানুষ আজ উনার সুস্থতায় দোয়া করছেন। দেশের যে ক্রান্তিকাল চলছে, এই ক্রান্তিকালে উনার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন গত বছরের ৫ আগষ্টের পরে দেশকে নিয়ে নানান ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের কারনে এক সময় দেশে নির্বাচন হবে কি না সন্দেহের সৃষ্টি হয়েছিলো। এই নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা এবং দেশকে একটা সঠিক দিকনির্দেশনা দেওয়ার পিছনেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা আছে।
