নিজ সংবাদ ॥ দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লাকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার কর হয়েছে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। মূলত দলীয় সিদ্ধান্তের বাইরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করার কারণেই তাকে বহিস্কার করা হয়েছে বলে জেলা বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। একই কারণে আরও ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। তাঁদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ পর্যন্ত ৭২ জনকে বহিষ্কার করল দলটি। এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের আসনে প্রার্থী হওয়ায় প্রথমে ৯ জনকে, পরে আরও ৪ জনকে বহিষ্কার করেছিল বিএনপি। বহিষ্কারাদেশে তাঁদের বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা বলা হয়েছে। গতকাল বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীর নামে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ জনকে বহিষ্কারের তথ্য জানানো হয়। এদিকে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লাকে বহিস্কারের চিঠির অনুলিপি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু এবং জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকেও পাঠিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
