হরিনারায়ণপুর বাজারে ১৬ দিনে ৩ চুরি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হরিনারায়ণপুর বাজারে ১৬ দিনে ৩ চুরি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৮, ২০২৬

ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন হরিনারায়ণপুর বাজার এলাকায় অল্প সময়ের ব্যবধানে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মাত্র ১৬ দিনের ব্যবধানে দিনে দুপুরে তিনটি চুরির ঘটনা ঘটায় এলাকায় নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি হরিনারায়ণপুর বাজারের রাকিব ফার্মেসি থেকে দিনের বেলায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়। এরপর ১ মার্চ একই বাজারের ইমরান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় দুর্বৃত্তরা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে যায়। এর ধারাবাহিকতায় সর্বশেষ গতকাল শনিবার (৭ মার্চ) দুপুরে আবারও চুরির ঘটনা ঘটে। বাজারের শাহী মসজিদের পাশে অপূর্ব ঘোষের বাড়িতে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে চোরেরা ঢুকে নগদ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা এবং একটি মাটির ব্যাংক ভেঙে আরও আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়।

এ ঘটনায় অপূর্ব ঘোষের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দিনের আলোয় এমন চুরি হবে আমরা কল্পনাও করতে পারিনি। আমার কষ্ট করে জমানো টাকা চুরি হয়ে গেছে। আমি এর বিচার চাই।” এ বিষয়ে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চন্দনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানাকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, “আজকের চুরির ঘটনাটি আপনার কাছ থেকেই জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।” ১৬ দিনে তিনটি চুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “পুলিশের একার পক্ষে সবকিছু সম্ভব নয়। বাজারের ব্যবসায়ীসহ সবাইকে সজাগ থাকতে হবে।” দিনের আলোতেই ধারাবাহিক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকের অভিযোগ, এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা বাড়ছে। তারা মনে করেন, প্রশাসন মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে চুরির ঘটনা অনেকাংশে কমে আসবে। এলাকাবাসী দ্রুত চোর ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাজার এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।