বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা শীর্ষক এক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা যুব ভবন মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়ার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধ প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় রোধে যুবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে যুবসমাজকে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান। কর্মশালায় প্রশিক্ষক কম্পিউটার মাসুদ আল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোল্লা মো. রুহুল আমিন। তিনি যুবদের নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ও কুষ্টিয়া সদর সার্কেল অফিসার প্রণব কুমার রায় বলেন, মাদক ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যুবসমাজের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নাসিম যুবদের আইন মেনে চলা এবং সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণরত শিক্ষার্থী ও যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এ ধরনের কর্মশালা যুবসমাজকে সামাজিক উন্নয়ন ও রাষ্ট্র গঠনে আরও দায়িত্বশীল করে তুলবে।
